গোলের সেঞ্চুরি করে যা বললেন এমবাপ্পে
সাফল্যের পথে বাধা আসবেই। কিন্তু হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার নামই চ্যাম্পিয়ন। সমালোচনা আর প্রতিকূলতাকে পেছনে ফেলে কিলিয়ান এমবাপ্পে আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চে জবাব দিতে জানেন শুধু সত্যিকারের তারকারাই।
বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তার দুই গোলেই ২-১ ব্যবধানে জয় পেয়েছে মাদ্রিদ। ম্যাচের শেষ দিকে করা গোলে নিশ্চিত হয়েছে দলের জয়, একই সঙ্গে রিয়ালের জার্সিতে শততম গোলের মাইলফলকও স্পর্শ করেছেন ফরাসি তারকা।
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। দ্বিতীয়ার্ধে ৬১তম মিনিটে রাফিনিয়ার গোলে সমতায় ফেরে বার্সেলোনা। তবে ৮৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন ফরাসি তারকা।
এই গোলের মধ্য দিয়ে রিয়ালের জার্সিতে ১১৬ ম্যাচে ১০০ গোল পূর্ণ করেন এমবাপ্পে। ক্লাবটির হয়ে দ্রুততম গোলের সেঞ্চুরি করা খেলোয়াড়দের তালিকায় তার আগে রয়েছেন আলফ্রেদো দি স্তেফানো, রাউল ও ক্রিস্টিয়ানো রোনালদো।
বার্সেলোনার বিপক্ষেও দুর্দান্ত এমবাপ্পে। সপ্তম এল ক্লাসিকোয় তার গোলসংখ্যা আট। আর বার্সার বিপক্ষে ১১ ম্যাচে করেছেন ১৪ গোল। এই শতাব্দীতে কাতালানদের বিপক্ষে তার চেয়ে বেশি গোল করেছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো (২০) ও করিম বেনজেমা (১৬)।
ম্যাচ শেষে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় পারফরম্যান্সকেই বড় করে দেখেছেন এমবাপ্পে। তিনি বলেন, ‘এই ম্যাচের মূল তারকা ছিল দল, পুরো দলটি। আমরা জানতাম এটা একটা দলীয় খেলা হতে হবে। আজ আমরা আমাদের সর্বস্ব দিয়েছি। খেলায় আমাদের কঠিন মুহূর্ত ছিল, আবার এমন মুহূর্তও ছিল যেখানে আমরা আধিপত্য বিস্তার করেছি। জেতা ও শিরোপার লড়াইয়ে টিকে থাকাটা গুরুত্বপূর্ণ। আমাদের এগিয়ে যেতে হবে। এটা একটা দারুণ খেলা, কিন্তু এটা মাত্র তিন পয়েন্ট।’
রিয়ালে যোগ দেওয়ার পর টানা দুই মৌসুম লা লিগার সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছেন এমবাপ্পে। তবে ব্যক্তিগত সাফল্যকে এখনো দলীয় শিরোপায় রূপ দিতে পারেননি তিনি। গত দুই মৌসুমেই বার্সেলোনার কাছে লা লিগার শিরোপা হারিয়েছে রিয়াল। এবার সেই পরিস্থিতি বদলাতে দল হিসেবে একসঙ্গে খেলার ওপর জোর দিয়েছেন ফরাসি তারকা।
এমবাপে আরও বলেন, ‘সবাই জানে আমি গোল করতে ও দলকে সাহায্য করতে ভালোবাসি। কিন্তু আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দলের জয়। এই বছর যদি আমরা কিছু করতে চাই, তবে আমাদের একজোট হয়ে খেলতে হবে। আমাদের মান এখানেই আছে। এখানে যে খেলোয়াড়রা আছে, তাদের নিয়ে যে-ই বলুক না কেন যে মান নেই, সে মিথ্যাবাদী। কিন্তু আমাদের দল হিসেবে কাজ করতে হবে, এভাবেই আমরা যা চাই তা অর্জন করতে পারব।’

স্পোর্টস ডেস্ক