অনশনের তিন দিন পর মন গলল প্রেমিকের
নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা তিন দিন অনশনের পর অবশেষে মন গলেছে ছেলের পরিবারের। আজ সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়।
ছয় লাখ এক টাকা দেনমোহরে প্রেমিক সাইফুলের সঙ্গে পপির বিয়ে সম্পন্ন হয়।
নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের কলেজছাত্রী পপি খাতুনের সঙ্গে প্রতিবেশী সাইফুলের দুবছর ধরে প্রেম চলে আসছিল। এর আগে বিয়ের আশ্বাস দিয়ে সাইফুল পপিকে নিয়ে গাজীপুরে স্বামী-স্ত্রীর পরিচয়ে কিছুদিন বসবাস করেন। এরপর পপি বিয়ের জন্য চাপ দিলে পালিয়ে যান সাইফুল। এ অবস্থায় গ্রামে ফিরে আসেন পপি। গত বৃহস্পতিবার থেকে বিয়ের দাবিতে প্রেমিক সাইফুলের বাড়িতে অনশন শুরু করেন পপি।
অবশেষে তিন দিন পর আজ সোমবার বিয়েতে রাজি হয় প্রেমিক সাইফুলের পরিবার। জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিয়ে সম্পন্ন হয়। পরে মিষ্টি বিতরণ নবদম্পতির জন্য দোয়া করা হয়।

হালিম খান, নাটোর