আপিল বিভাগে লতিফ সিদ্দিকীর জামিন বহাল
দুর্নীতির মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিনের বিরুদ্ধে দুদকের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
ফলে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে লতিফ সিদ্দিকীর আইনজীবী ছিলেন মনসুরুল হক চৌধুরী ও শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
গত ৪ নভেম্বর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ লতিফ সিদ্দিককে জামিন দেন।
এ জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদনের পর তা স্থগিত করেন আপিল বিভাগ। একই সঙ্গে লিভ টু আপিল করতে বলা হয়। এরপর দুদক লিভ টু আপিল করে, যা রোববার আপিল বিভাগ খারিজ করে দেন বলে জানান দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।
২০১৭ সালের ১৭ অক্টোবর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয়। দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা করেন। মামলায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন আমিনুল ইসলাম।
মামলার অপর আসামি হলেন ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ।
গত ২০ জুন এ মামলায় লতিফ সিদ্দিকী বগুড়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর তা নামঞ্জুর করেন আদালত।

নিজস্ব প্রতিবেদক