উহান থেকে বাংলাদেশিরা ঢাকা পৌঁছাবে রাত ২টায়
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মূল কেন্দ্র চীনের উহান শহর থেকে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট পাঠাচ্ছে সরকার। ফ্লাইটটির আজ শুক্রবার বিকেল ৫টায় ঢাকা বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।
৪১৯ জন যাত্রী বহনের সক্ষমতা থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এ ফ্লাইট আজ শুক্রবার রাত ২টায় ঢাকায় অবতরণ করবে। চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান এ তথ্য জানান। তিনি বলেন, এখন পর্যন্ত তাঁদের হিসাবে দেশে ফেরার জন্য ৩৪০ জন আগ্রহ দেখিয়েছেন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, এ পর্যন্ত ৩৭০ যাত্রীর জন্য তাঁদের প্রস্তুতি রয়েছে এবং এটি বেড়ে হয়তো ৪০০ পর্যন্ত হতে পারে। ফিরতে আগ্রহী ব্যক্তিদের উপস্থিতির ওপর নির্ভর করে সংখ্যাটি ওঠানামা করতে পারে বলে উল্লেখ করেন তিনি।

অনলাইন ডেস্ক