কুমিল্লায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ১
কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে নির্মাণাধীন রূপায়ণ দেলোয়ার টাওয়ারের তিনতলার ছাদ ধসে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন নয়জন।
আজ শুক্রবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিকের নাম রেজা। তিনি রংপুরের গঙ্গাছড়া উপজেলার মনভোলা গ্রামের বাসিন্দা।
নির্মাণাধীন ভবনের শ্রমিক রুবেল জানান, আজ সকাল ৮টা থেকে দেলোয়ার রূপায়ণ টাওয়ারের কাজ শুরু হয়। সন্ধ্যার দিকে তিনতলা ছাদের ঢালাই দেওয়ার সময় বিকট আওয়াজ করে তা ভেঙে পড়ে। এ সময় নয়জন আহত হয় এবং রেজা নামে একজন শ্রমিক নিহত হয়।
কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাননাথ সাহা জানান, ধসে পড়া দালানের মধ্যে থেকে স্থানীয় বাসিন্দারা চারজন এবং আমরা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বাকি পাঁচজনকে উদ্ধার করি। পরে শুনতে পেয়েছি একজন মারা গেছে।’
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। উদ্ধার তৎপরতাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা