কুকুর হত্যায় তিনজনের কারাদণ্ড
রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর ধলপুরের লিচু বাগান এলাকায় লোহার রড, সাঁড়াশি ও প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগ করে ২০টি কুকুরকে হত্যার দায়ে তিনজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার (৮ মার্চ) বিকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আবুল খায়ের, মো. অপু ও মো. মানিক।
বিচারক রায়ে দুটি ধারায় তাদের সাজা দেন। এরমধ্যে প্রাণী কল্যাণ আইনের ২০১৯ এর ১৬(ক) ধারায় প্রত্যেককে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। একই আইনের ১৬(খ) ধারায় প্রত্যেককে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। উভয় ধারার সাজা একত্রে চলবে। সেই ক্ষেত্রে প্রত্যেক আসামিকে দুই বছরের সাজা ভোগ করতে হবে।
আদালতে রায় ঘোষণার সময় আসামি মানিক উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
নথি থেকে জানা গেছে, ২০২১ সালের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানার ধলপুরের লিচু বাগান এলাকায় লোহার রড, সাঁড়াশি ও প্রাণঘাতি ইনজেকশন দিয়ে ২০টি কুকুর হত্যা করে বস্তায় ভরে নিয়ে যায় আসামিরা। পরে ভিডিও ফুটেজের মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়। আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অ্যানিমেল লাভারস অব বাংলাদেশ ও মামলার বাদী মারুফুল হকসহ অন্যান্য স্বেচ্ছাসেবীদের ওপর ক্ষিপ্ত হয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় দুদিন পর অ্যানিমেল লাভারস অব বাংলাদেশের পক্ষে আদালতে মামলাটি করেন মারুফুল হক।

আদালত প্রতিবেদক