গণপরিবহন ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে
করোনা পরিস্থিতি মোকাবিলায় সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর পরিপ্রেক্ষিতে দেশব্যাপী গণপরিবহনও একই দিন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এতে বলা আরো বলা হয়, ‘তবে জরুরি পরিষেবা, খাদ্যদ্রব্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি, ওষুধ, ওষুধশিল্প ও চিকিৎসাবিষয়ক সামগ্রী পরিবহন, কৃষিপণ্য, সার ও কীটনাশক, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য, শিশুখাদ্য, জীবনধারণের মৌলিক উপাদান উৎপাদন ও পরিবহন, গণমাধ্যম ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।’
এ সময় পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে সাধারণ ছুটির মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী- ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ থেকে ২৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটির সঙ্গে ১৭ ও ১৮ এপ্রিল এবং ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটিও সংযুক্ত থাকবে।
এরপর বিজিএমইএ ও বিকেএমইএ যৌথ বিবৃতিতে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে। একই সময় পর্যন্ত রয়েছে সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক