গণমাধ্যমকর্মীদের তথ্যমন্ত্রীর ধন্যবাদ
বৈশ্বিক দুর্যোগের এ সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কর্মরত সব গণমাধ্যমকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে বৈঠক শেষে বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘করোনার এই বৈশ্বিক দুর্যোগের সময় সংবাদকর্মীরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করছেন। এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করা এবং জনগণের কাছে সঠিক সংবাদ পৌঁছানোর জন্য গণমাধ্যমকর্মীদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘একইসঙ্গে গুজবের বিরুদ্ধে মূলধারার মিডিয়াগুলো, টেলিভিশন ও পত্রিকা যে বলিষ্ঠ ভূমিকা রাখছে এজন্যও তাদের ধন্যবাদ ও অভিনন্দন।’ তথ্যমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে কিভাবে সংবাদকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা দেওয়া যায় এবং আজকে যে ঝুঁকির মধ্যে তারা কাজ করছেন এটার ক্ষেত্রেও কি করা যায় সেগুলো নিয়েও আমরা কাজ করছি।
‘টেলিভিশন সাংবাদিকদের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে, তারা এ কাজটি শুরু থেকেই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন’ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘কয়েকজন সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অনেক সংবাদকর্মীকে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। সুতরাং তারা ঝুঁকি নিয়ে কাজ করছে। এই ঝুঁকি নিয়ে কাজ করার ক্ষেত্রে কিভাবে তাদের সহায়তা করা যায়, স্বাস্থ্যসুরক্ষা দেওয়া যায়, সে বিষয়ে আজ আলোচনা হয়েছে।’
‘অনেক টেলিভিশন থেকে বেতন-ভাতা দেওয়া হয়নি বলে আজকে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আমাকে জানিয়েছে’ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি সব টেলিভিশন চ্যানেলের পরিচালনা পর্ষদকে অনুরোধ জানাব, যাদের বেতন-ভাতা দেওয়া হয়নি এই পরিস্থিতিতে আপনাদের কোনো কারণে অসুবিধা হলেও তাদের বেতন-ভাতা একইসঙ্গে বকেয়া পরিশোধ করে দেওয়ার জন্য।’
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি রেজওয়ানুল হক রাজার নেতৃত্বে সেন্টার সচিব শাকিল আহমেদ, সৈয়দ ইশতিয়াক রেজা, নজরুল কবীর ও শাহনাজ শারমিন বৈঠকে অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক