গুলশানে প্রাইভেটকারের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত
রাজধানীর গুলশানে প্রাইভেটকারের ধাক্কায় শামছুজ্জামান লাবু (৪০) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত লাবু নিরাপত্তাকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান জিফোরএস সিকিউর সলিউশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজ করতেন।
জিফোরএস কোম্পানির সিকিউরিটি কমান্ডার জাফর আলী জানান, লাবু তাঁদের কোম্পানির মাধ্যমে গুলশান-১-এ পিৎজা হাটে কর্মরত ছিলেন। রাতে রেস্টুরেন্টের সামনে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা