জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে শ্রমিকের মৃত্যু
নওগাঁর মান্দায় বোরো ধানের জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে পিন্টু রহমান (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আব্দুল হাকিম নামে আরও একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পিন্টু রহমান চকরামপুর মধ্যপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। আহত আব্দুল হাকিমকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পিন্টু রহমান ও আব্দুল হাকিম মিলে চকরামপুর মাঠে বোরো ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রাঘাত শুরু হলে তারা দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পিন্টু রহমানের মৃত্যু হয়।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুলতান আহমেদ, নওগাঁ (মান্দা-নিয়ামতপুর)