গোপালগঞ্জে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনা আক্রান্ত দম্পতি
গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুজন করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
এ ছাড়া গোপালগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত দম্পতি সুস্থ হয়ে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বুধবার বিকেলে ছাড়া পেয়েছেন।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপালগঞ্জ সদর উপজেলায় নতুন করে এক ব্যক্তি ও কাশিয়ানী উপজেলার ছোটখারকান্দি গ্রামে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে তার ভাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন অফিস জানিয়েছে, এ পর্যন্ত মুকসুদপুর থানার ১৭ পুলিশ সদস্য, গোপালগঞ্জ সদর উপজেলায় ছয়জন, টুঙ্গিপাড়ায় পাঁচজন, কাশিয়ানীতে পাঁচজন ও কোটালীপাড়া উপজেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে টুঙ্গিপাড়ার এক দম্পতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আক্রান্ত ৩২ জনকে সংশ্লিষ্ট উপজেলা আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ