রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৪ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়।
ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের সিত্তে থেকে ১১৬ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং ইয়েনাংইয়াং এলাকা থেকে ৯৫ কিলোমিটার পশ্চিমে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৩ কিলোমিটার। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের ইয়েনাংইয়াংয়ের ৯৫ কিলোমিটার পশ্চিমে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২ দশমিক ৭ কিলোমিটার। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।
এর আগে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এক বিজ্ঞপ্তিতে জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়া উপজেলায়। এটি ‘হালকা’ শ্রেণির ভূমিকম্প হিসেবে উল্লেখ করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক