সিলেটে ভূমিকম্প
সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটে সিলেটজুড়ে এ ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট উপজেলা, যা ঢাকা থেকে ২১৪ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
এর আগে, গত ৩ ফেব্রুয়ারি রাত ৯টা ৩৪ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের ইয়েনাংইয়াংয়ের ৯৫ কিলোমিটার পশ্চিমে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২ দশমিক ৭ কিলোমিটার। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।
এর আগে ৩ ফেব্রুয়ারি ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এক বিজ্ঞপ্তিতে জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়া উপজেলায়। এটিকে ‘হালকা’ শ্রেণির ভূমিকম্প হিসেবে উল্লেখ করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক