চট্টগ্রামে যুবলীগ কর্মী খুন
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত যুবলীগ কর্মী রিপন। ছবি : এনটিভি
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিপন নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হন। গতকাল মঙ্গলবার রাতে বায়েজিদ থানাধীন শেরশাহ মিনার রোডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শাহেদ ইকবালের বাসা থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে অতর্কিতে এ হামলার ঘটনা ঘটে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত যুবলীগ কর্মী রিপনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ সময় রিপনের সঙ্গে আহত যুবলীগ কর্মী আল আমিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের স্বজনরা এ ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ী করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম