চাঞ্চল্যকর হলি আর্টিজানে হামলার রায়ের অপেক্ষা
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় মামলার আট আসামির বিরুদ্ধে আজ বুধবার রায় ঘোষণা করবেন আদালত। এ রায়কে কেন্দ্র করে আদালতপাড়া কঠোর নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়েছে। পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে কয়েকস্তরে এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান আজ দুপুরের দিকে এ রায় ঘোষণা করবেন বলে আদালত সূত্রে জানা গেছে। চাঞ্চল্যকর এ মামলায় সরকার পক্ষে শুনানি করেন গোলাম সারওয়ার খান জাকির। আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।
মামলার বিষয়ে গোলাম সারওয়ার খান জাকির এনটিভি অনলাইনকে বলেন, ‘চাঞ্চল্যকর এ মামলার আট আসামির রায় ঘোষণা করা হবে। এর মধ্যে ছয় আসামিকে কারাগার থেকে আদালতে উপস্থিত করা হবে। অপর দুই আসামি পলাতক রয়েছেন।’
কারাগারে থাকা ছয় আসামি হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগ্যান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান ও হাদিসুর রহমান সাগর। এ ছাড়া এ মামলায় শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন পলাতক রয়েছেন।
মামলার শুনানি শেষে গত ১৭ নভেম্বর মামলার রায়ের জন্য দিন নির্ধারণ করেন আদালত। গত বছরের ২৬ নভেম্বর মামলাটির বিচার শুরু হয়েছিল ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে।
এর আগে গত বছরের ২৩ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবীর গুলশান হামলা মামলার অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। আবেদনটি গ্রহণ করে হাসনাত করিমকে অব্যাহতি দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস।
মোট আসামি ২১
এ মামলায় অভিযোগপত্রে মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছিল। এর মধ্যে আটজন আসামি ঘটনার পর বিভিন্ন অভিযানে এবং পাঁচজন হলি আর্টিজানে অভিযানের সময় নিহত হয়েছেন। এ ছাড়া জীবিত আটজনের মধ্যে ছয়জন কারাগারে রয়েছেন, দুজন পলাতক রয়েছেন।
হলি আর্টিজান অভিযানে নিহত ৫
হলি আর্টিজানে হামলা পরবর্তী অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়েছিলেন। তাঁরা হলেন- রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাস ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল।
বিভিন্ন অভিযানে নিহত ৮
হলি আর্টিজানর মামলার অভিযুক্ত আসামিদের মধ্যে বিভিন্ন ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে নিহত আটজন হলেন- তামীম আহমেদ চৌধুরী, নুরুল ইসলাম মারজান, তানভীর কাদেরী, মেজর (অব.) জাহিদুল ইসলাম ওরফে মুরাদ, রায়হান কবির তারেক, সারোয়ান জাহান মানিক, বাশারুজ্জামান ওরফে চকলেট ও মিজানুর রহমান ওরফে ছোট মিজান।
গুলশান হামলা নিহত হয়েছিলেন যারা
হলি আর্টিজানে জঙ্গিরা গুলি করে ও গলাকেটে বিদেশি নাগরিকসহ ২২ জনকে হত্যা করেন। তাঁরা হলেন- ইতালীয় নাগরিক ফেডো ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস ক্লাওদিয়া মারিয়া ডি এন্তোনা (৫৬), মিসেস সিমোনা মন্টি (৩৪), স্টুডিও টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস নাদিয়া বেনেডেট্টি (৫১) ও সুপারভাইজার মার্কো টোনডাট (৪১), একটি টেক্সটাইল গ্রুপের মাননিয়ন্ত্রক ব্যবস্থাপক মিসেস আদেলে পুগলিসি (৫৫), ক্রিশ্চিয়ান রসি (৪৭), একটি টেক্সটাইল কোম্পানির মালিক ক্লাদিও ক্যাপেলি (৪৫), মিসেস ভিনসেনজো ডি অ্যালেস্ট্রো (৪৫) ও মিসেস মারিয়া রিবোলি (৩৩)।
নিহত জাপানি নাগরিকরা হলেন- মেট্রোরেল প্রকল্পের সমীক্ষা কাজে নিয়োজিত হিরোশি তানাকা (৮০), কোয়ো ওগাসাওয়ারা (৫৭), ইয়োকি সাকাই (৪২), নোবুহিরো কোরুসাকি (৪৯), মাকোটো ওকামুরা (৩২), রুই সিমোডাইরা (২৯) ও হিডেকি হাশিমোটো (৬৫)।
ভারতীয় নাগরিক- ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ছাত্রী তারিশি জৈন (১৮)।
এ ছাড়া বাংলাদেশ ও আমেরিকার দ্বৈত নাগরিক রাজধানীর গুলশান ২-এর ৫০ নম্বর রোডের বাসিন্দা মো. এহসানুল কবিরের মেয়ে অবিন্তা কবির (২০) এবং ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ হোসেন (২০) নিহত হন।
অন্যদিকে ঘটনার শুরুতে জঙ্গিদের বোমার আঘাতে গুরুতর আহত হয়ে মারা যান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান ও ঢাকা মহানগর (উত্তরের) গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার (এডিসি) রবিউল করিম।
হলি আর্টিজান বেকারির দুই স্টাফ শরীয়তপুর জেলার নড়িয়া থানার কুলকাঠি গ্রামের হাসেম চৌকিদারের ছেলে সাইফুল চৌকিদার (৪০) ও নারায়ণগঞ্জ সদর থানার একরামপুর গ্রামের আব্দুস সাত্তার সরকারের ছেলে জাকির হোসেন শাওন (২২)।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তাঁরা ২০ জনকে হত্যা করেন। সেদিনই উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরের দিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে নিহত হন পাঁচ হামলাকারী। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সংগঠনটির মুখপত্র ‘আমাক’ হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স’।
এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। মামলার পর নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিমকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে, এ মামলায় কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে আটক রাকিবুল হাসান রিগ্যানকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালত প্রতিবেদক