অবৈধভাবে বালু উত্তোলন, ১১ জনের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইজারার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ জনকে আটক ও একজনকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারামপুর ইউনিয়নের মেঘনা নদীর চর মরিচাকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আটক ১২ জনের মধ্যে ১১ জনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নিরব (২৬), পারভেজ (২৩), দেলোয়ার হোসেন (৬৫), মোহাম্মদ জুবায়ের মৃধা (২১), জয়নাল আবেদিন (২২), আমির আলী (৩৫), রাকিব গাজী (২৭), মাসুদ বয়াতি (২৮), সোহেল রানা (৩০), সফর আলী (৫৫) ও সালাউদ্দিন (৫২)।
জানা যায়, চর মরিচাকান্দি বালুমহালটি গত অর্থবছরে প্রায় ৩২ কোটি টাকায় ইজারা পেয়েছিল নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের বহিষ্কৃত বিএনপি নেতা আব্দুল কাইয়ুমের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘সাদিয়া এন্টারপ্রাইজ’। গত ১৩ এপ্রিল ওই ইজারার মেয়াদ শেষ হলেও প্রতিষ্ঠানটি ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রাখে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম বলেন, বালুমহালের মেয়াদ শেষ হওয়ার পর বালু উত্তোলনের কোনো আইনগত সুযোগ নেই। এটি সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। হাতেনাতে প্রমাণ মেলায় ১২ জনকে সাজা দেওয়া হয়েছে।

কাউছার আলম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর-বাঞ্ছারামপুর)