ছিনতাইকারী ধরার সময় বাসচাপায় এএসআই নিহত
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত কাফরুল থানার এএসআই জাহাঙ্গীর আলমের স্বজনের কান্না। ছবি : এনটিভি
রাজধানীর আগারগাঁও এলাকায় গতকাল বুধবার রাতে ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে আটক করার সময় বাসচাপায় কাফরুল থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
নিহতের নাম জাহাঙ্গীর আলম। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে লাশ দেখতে এসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, ছিনতাইকারীদের পিছনে ধাওয়া দিলে আলিফ পরিবহনের একটি মিনিবাস জাহাঙ্গীরকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বাসটি আটক করার কথা জানিয়ে তিনি বলেন, ওই বাসের চালককে শনাক্ত করা হয়েছে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছে কাফরুল থানার এএসআই জাহাঙ্গীর আলমের মরদেহ ও ব্যবহৃত জুতা। ছবি : এনটিভি
নিহত জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি পাবনার সাথিয়া উপজেলায়। তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। এএসআই জাহাঙ্গীর আলম এক সন্তানের বাবা ছিলেন।

নিজস্ব প্রতিবেদক