জুনের মধ্যে শতভাগ বিদ্যুৎ : প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, চলতি বছরের জুনের মধ্যে দেশে শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হবে। এটা হবে জনগণের জন্য মুজিববর্ষের অন্যতম সেরা উপহার।
আজ শনিবার রাজধানীর খিলক্ষেতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জিএম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, শতভাগ বিদ্যুতায়নের পেছনে সবচেয়ে বড় সফলতা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। এ জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ডও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, ‘আমাদের সামনে আরো বড় চ্যালেঞ্জ রয়েছে। এ চ্যালেঞ্জ বাস্তবায়ন করে পুরো দেশকে আলোকিত করতে হবে।’
সরকার অনেক অফগ্রিড এলাকাতেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের অফগ্রিড এলাকাগুলোকে আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন করার চেষ্টা করা হচ্ছে। সরকারের এ চেষ্টাকে সফল করতেও পল্লী বিদ্যুতায়ন বোর্ডকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।’
প্রতিমন্ত্রী আরো বলেন, বিদ্যুৎ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের অন্যতম সহায়ক হিসেবে কাজ করছে। পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা বাড়াতে সংশ্লিষ্টদের আরো তৎপর হতে হবে।

নিজস্ব প্রতিবেদক