দলীয়করণে জনপ্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে : ইসমাইল জবিউল্লাহ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, গত দেড় দশকের অধিক সময় বাংলাদেশে জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এতে জনপ্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে, দক্ষতা হারিয়েছে। দেশের সর্বস্তরেই প্রায় ধস নেমেছে। প্রশাসনেও সেটা থেকে মুক্ত নয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় শেষে সাংবাদিকদের ইসমাইল জবিউল্লাহ এসব কথা বলেন। উপদেষ্টা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম তিনি লক্ষ্মীপুরে এসেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।
ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অনুযায়ী আমরা একটা দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন দেশের জনগণকে উপহার দিব। তারা জনগণের সেবক হিসেবে কাজ করবে, শাসক হিসেবে নয়। সবাই মিলে বাংলাদেশকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে পরিণত করব।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন. প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন যে, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তিনি তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন। একটি প্রতিষ্ঠানের সিইও’র মতো প্রতিটি বিষয় বিস্তারিত দেখছেন ও মনিটর করছেন, সেভাবেই কাজ আদায় করছেন। সারা পৃথিবীর মধ্যে এটি চমকপ্রদ এবং ব্যতিক্রম। এটি আমাদের জন্য অনুপ্রেরণা। এটি বিশ্বে আন্তর্জাতিকভাবে দারুণ প্রশংসিত হয়েছে। আমরা আশা করি, সামনে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ।
ইসমাইল জবিউল্লাহ বলেন, বিএনপি-ধানের শীষের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক আছে। সবার আগে বাংলাদেশ এটি হচ্ছে আমাদের মূল পরিচয়, মূল বক্তব্য। নির্বাচনের আগে পরিস্থিতি ছিল এক রকম, নির্বাচনের পরে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এখন আমাদের সবার দায়িত্ব এসে পড়েছে। যে কথাগুলো বলে আমরা জনগণের কাছে গিয়েছি, ভোট চেয়েছি, জনগণ অকৃপণভাবে আমাদের ভোট দিয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি বিজয় অর্জন করেছে। এই বিজয়ের সাংঘাতিক দায়ভার আছে। দায়বদ্ধতা ও জবাবদিহিতা অনেক। সেগুলো মনে রেখে আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
এর আগে ইসমাইল জবিউল্লাহকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)