সকালে ৪০ মিনিট অফিসে অবস্থানের নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিতে কঠোর নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (২৯ মার্চ) এক অফিস আদেশের মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সরকারি সব কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে নিজ নিজ অফিস কক্ষে উপস্থিত থাকতে হবে। দাপ্তরিক যেকোনো কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও এই সময়সীমা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আদেশে বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহারের পরিবর্তে জানালা বা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।
এছাড়া অফিস চলাকালীন শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক ফ্যান, লাইট ও এসি ব্যবহারের নির্দেশনা দিয়ে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে বলা হয়েছে। অফিস কক্ষ ত্যাগ করার সময় বা দিনের কাজ শেষে কম্পিউটার, প্রিন্টার ও এসিসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ নিশ্চিত করার দায়িত্বও সংশ্লিষ্টদের ওপর ন্যস্ত করা হয়েছে। আলোকসজ্জা পরিহার এবং করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
দপ্তর ও সংস্থাগুলোর পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে আদেশে বলা হয়েছে, অফিস কক্ষ, করিডোর, টয়লেট ও সিঁড়ি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এই নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন এবং নিয়মিত মনিটরিং করার জন্য প্রতিটি দপ্তর ও সংস্থাকে একটি করে ‘ভিজিল্যান্স টিম’ গঠন করতে বলা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই নিয়ম মেনে চলার মাধ্যমে কর্মপরিবেশের শৃঙ্খলা ও জাতীয় সম্পদ সাশ্রয়ের উদ্দেশ্য বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)