প্রশাসনের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াবেন না : দলের নেতাকর্মীদের হুইপ আখতারুজ্জামান
দলীয় নেতাকর্মীদের জন্য কঠোর হুঁশিয়ারি ও স্পষ্ট নির্দেশনা দিয়ে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া বলেছেন, পুলিশ ও প্রশাসনের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব বা সংঘাতে জড়ানো যাবে না। তিনি বলেন, “আমি বারবার বলে যাচ্ছি, কারও কোনো কাজ থাকলে ব্যক্তিগতভাবে করবেন। কাজ না হলে আমি আছি। কিন্তু সরকারি অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারী কিংবা পুলিশের সঙ্গে কোনো প্রকার বেয়াদবি করা চলবে না।”
আজ সোমবার (৯ মার্চ) বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলা কমপ্লেক্স হলরুমে উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আখতারুজ্জামান মিয়া এসব কথা বলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, ‘আমরা এখন একটি কঠিন সময় পার করছি। আমাদের নেতা আগেই বলেছিলেন এই নির্বাচন সহজ হবে না, বাস্তবেও তাই হয়েছে। সামনে আরও চ্যালেঞ্জ আসবে। এখনও আমরা পুরোপুরি শৃঙ্খলার মধ্যে আসতে পারিনি, তাই শৃঙ্খলা বজায় রাখা এখন সবচেয়ে জরুরি।’ তিনি আরও বলেন, ‘আগে মুভমেন্ট বা হরতালের সুযোগ থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। পুলিশ ও সেনাবাহিনীসহ সব বাহিনী এখন অত্যন্ত সক্রিয়। তাই আমাদের সজাগ থাকতে হবে যাতে সুবিধাবাদী বা স্বাধীনতা-বিরোধী কোনো শক্তি বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়।’
নির্বাচনোত্তর প্রেক্ষাপট তুলে ধরে জাতীয় সংসদের হুইপ বলেন, ‘আজ যদি নির্বাচনের ফল উল্টো হতো, তবে আপনারা ঘরে নিরাপদে থাকতে পারতেন না। এখনো যারা একাত্তরের মুক্তিযোদ্ধাদের অস্বীকার করে, তারা নানা অপপ্রচার চালাচ্ছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে গুজব ও মানহানিকর তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন। এছাড়া সভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)