ঝালকাঠিতে ট্রলিচাপায় শিশু নিহত
ঝালকাঠির রাজাপুরে মায়ের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার পথে ইটভাটার ট্রলিচাপায় তাসমিয়া আক্তার মিম (৫) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
তাসমিয়া দক্ষিণ আদাখোলা গ্রামের প্রবাসী এনামুল হকের মেয়ে। সে উত্তমপুর নূরানী মাদ্রাসার ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে মেয়ে মিম ও দেবরের মেয়ে ঝুমাকে নিয়ে উত্তমপুর মাদ্রাসায় যাচ্ছিলেন জাহানারা বেগম। পথে উত্তমপুর বাজার এলাকায় স্থানীয় ইটভাটা থেকে আসা একটি ট্রলি দেখে মা মেয়েদের হাত ধরে পাশে যান। এ সময় দ্রুতগতিতে আসা ট্রলি তাসমিয়াকে চাপা দেয়। মায়ের হাত ধরেও রক্ষা পায়নি শিশুটি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সকাল সাড়ে ১১টার দিকে পথেই মারা যায় শিশু তাসমিয়া।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায়।

কে এম সবুজ, ঝালকাঠি