ঢাকায় ভোটের দিনের আবহাওয়া কেমন থাকবে
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি। দুই সিটিতে প্রায় ৫৫ লাখ ভোটার এদিন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন দুজন নগরপিতা নির্বাচিত করতে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হবে।
এখন চলছে মধ্য মাঘ। স্বাভাবিকভাবেই শীত জাঁকিয়ে বসেছে সারা দেশে। তার মধ্যে আজ বুধবার সকালেই ঢাকায় এক পশলা বৃষ্টি হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি হয়েছে বলে ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
যদিও আবহাওয়া কার্যালয় আজকের বুলেটিনে জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে।
ভোটের দিনের আবহাওয়া কেমন থাকবে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান রাতে এনটিভি অনলাইনকে বলেন, ‘এক কথায় বলতে গেলে বলতে হবে ভালো থাকবে।’
এই আবহাওয়াবিদ বলেন, ‘আজ ঢাকায় খানিকটা বৃষ্টি হয়েছে। কিন্তু ভোটের দিন অর্থাৎ শনিবার ঢাকায় এখন পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সকালে দিকে তাপমাত্রা এই সময় অনুযায়ী ১০ থেকে ১১ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে। আকাশ একটু মেঘলা থাকবে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলবে। তখন তাপমাত্রাও একটু বাড়বে।’
ফলে ভোটের দিনটি চমৎকার যাবে বলে মন্তব্য করেন আব্দুর রহমান। তিনি আরো বলেন, ‘বিকেলে দিকেও তাপমাত্রা কমতে থাকবে এবং শীত একটু পড়তে পারে।’
এদিকে আজ আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, ‘পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।’

অনলাইন ডেস্ক