ঢাকা সিটিতে উন্নয়ন প্রকল্প অনুমোদন না করার নির্দেশ ইসির
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন ও প্রকল্পের অর্থ ছাড় না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শনিবার ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ নির্দেশনা সংক্রান্ত চিঠি স্থানীয় সরকার বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।
এ ছাড়া চিঠিতে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালার বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত কোনো প্রার্থী প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান দেওয়ার অঙ্গীকারও করতে পারবেন না।
আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। যাচাই-বাছাই শেষে যেসব প্রার্থী বৈধ হয়েছেন তাঁরা এখন প্রতীকের জন্য অপেক্ষা করছেন। এদের মধ্যে কোনো কোনো প্রার্থী বিগত সময়ে সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্বও পালন করেছেন। সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, মেয়র প্রার্থীদের পদ ছেড়ে দিয়ে নির্বাচনী লড়াইয়ে নামতে হলেও কাউন্সিলর প্রার্থীরা স্বপদে বহাল থেকেই ভোটে লড়তে পারছেন।
আজকের নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়েছে, ‘... কোনো প্রার্থী সংশ্লিষ্ট সিটি করপোরেশনের কোনো সম্পত্তি তথা অফিস, যানবাহন, মোবাইল ফোন, টেলিফোন, ওয়াকিটকি বা অন্য কোনো সুযোগ-সুবিধা নির্বাচনের কাজে ব্যবহার করতে পারবেন না।’
এমনকি মাশুল দিয়েও প্রার্থীরা এসব ব্যবহার করতে পারবেন না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। আরো বলা হয়েছে, তাঁরা ‘সিটি করপোরেশনর কোনো কর্মকর্তা/কর্মচারীকে কোনো অবস্থাতেই নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না’।
‘সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি ২৫ অনুসারে নির্বাচন-পূর্ব সময়ে কোনো সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উম্মোচন করা যাবে না। কোনো সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি বা আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিল হতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অনুকূলে কোনোপ্রকার অনুদান ঘোষণা বা বরাদ্দ প্রদান বা অর্থ অবমুক্ত করতে পারবে না। সিটি করপোরেশর মেয়র বা কাউন্সিলর বা অন্য কোনো পদাধিকারী সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকায় উন্নয়নমূলক কোনো প্রকল্প অনুমোদন বা এর আগে অনুমোদিত কোনো প্রকল্পে অর্থ অবমুক্ত বা প্রদান করতে পারবেন না।’
চিঠিতে আরো বলা হয়, ‘নির্বাচনের কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় (ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়) অনুদান, ডিজিডি, কাবিখা, ত্রাণ বিতরণ সংক্রান্ত কার্যক্রম বা উন্নয়নমূলক কোনো প্রকল্প অনুমোদন বা উন্নয়নমূলক কোনো প্রকল্প অনুমোদন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এর আগে অনুমোদিত কোনো প্রকল্পে অর্থ অবমুক্ত বা প্রদান করা নিতান্ত আবশ্যক হলে জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনের সম্মতির নির্দেশনাও দেওয়া হয়েছে।’

নিজস্ব প্রতিবেদক