নাটোরে আহত বিএনপি নেতাকে ঢাকায় স্থানান্তর
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজকে রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তাঁর মাথার খুলি ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য আজ শনিবার বিকেলে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নাটোর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।
সাবেক ইউপি মেম্বার আমিরুল ইসলামের নেতৃত্ব হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আব্দুল আজিজকে আহত করা হয় বলে দাবি স্বজন ও উপজেলা বিএনপির। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
হামলার পর গতকাল শুক্রবার জানতে চাইলে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, ইউপি নির্বাচন ঘিরে শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
শহিদুল ইসলাম বাচ্চু জানান, আহত অবস্থায় প্রথমে আব্দুল আজিজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় আনা হয়।
পরিবারের সদস্যরা জানায়, আব্দুল আজিজের মাথার খুলি ভেঙে যাওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

হালিম খান, নাটোর