নাটোরে দুই বাসের সংঘর্ষে দুজন নিহত, আহত ৩০
নাটোর সদর উপজেলার কাশিয়াবাড়ী ব্রিজ এলাকায় আজ বুধবার সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
নিহত ব্যক্তিরা হলেন বাসচালকের সহকারী (হেলপার) লিখন ও বাসযাত্রী নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার আবু ফারুক (২৪)।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আসাদুজ্জামান জানান, আজ সকাল ৯টার দিকে রাজশাহী থেকে রংপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসচালকের সহকারী লিখন নিহত হন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে নাটোর সদর হাসপাতালে বাসযাত্রী আবু ফারুকের মৃত্যু হয়।
ঘটনার সময় সেনাবাহিনীর একটি গাড়ি ওই পথ দিয়ে যাচ্ছিল। গাড়িটিতে থাকা সেনাসদস্যরা আটকেপড়া যাত্রীদের উদ্ধার ও হাসপাতালে নেওয়ার কাজে সহায়তা করেন।

হালিম খান, নাটোর