নাটোরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নাটোরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার জেলার নলডাঙ্গা ও বড়াইগ্রাম উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
মৃত শিশুরা হলো নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামের রুবেল হোসেনের ছেলে ফয়সাল (৪) এবং বড়াইগ্রাম উপজেলার নাজিরপুর গ্রামের জিহাদ (৮)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ বেলা ১১টার দিকে ফয়সাল প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলা করছিল। সেখান থেকে কোনো এক সময় পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে শিশুটির লাশ ভেসে উঠলে এলাকাবাসী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে।
অন্যদিকে, দুপুরের দিকে শিশু জিহাদ বন্ধুদের সঙ্গে গ্রামের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। বন্ধুরা অনেক খুঁজে না পেয়ে জিহাদের বাড়িতে জানায়। পরিবারের লোকজন পুকুরে তল্লাশি করে জিহাদের মরদেহ উদ্ধার করে।

হালিম খান, নাটোর