নায়িকাদের আইডি হ্যাক করে মাসে দুই লাখ টাকা আয়!
নায়ক-নায়িকাদের ফেসবুক আইডি হ্যাকিংয়ে জড়িত থাকার ঘটনায় সঙ্ঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)। আজ ভোর ৬টার দিকে রাজধানীর মহাখালী থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
গ্রেপ্তারকৃতরা হলেন মাসুদ রানা ও মোহাম্মদ সৌরভ।
আশিক বিল্লাহ বলেন, ‘কয়েকদিন আগে র্যাবের কাছে অভিযোগ আসে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ করার সময় অভিযোগ আসে আরো ১৫ জনের মতো অভিনয় শিল্পীর আইডিও হ্যাক করা হয়েছে।’
লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ‘এখনো পর্যন্ত তারা শাহনুর, আঁচল, রেসি, কেয়া, মাহি, বিপাশা, মিশা সওদাগর, জায়েদ খান, রিয়াজসহ বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর ফেসবুক আইডি হ্যাক করে।’
র্যাব কর্মকর্তা আরো বলেন, ‘গ্রুপটির প্রধান আসিফ। তিনি আমেরিকায় থাকেন। এর আগে তিনি সেখানে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি মূলত আইডি হ্যাকিংয়ের প্রশিক্ষণ দেন, কীভাবে আরেকজনের আইডি নিজের আইডি করে নেওয়া যায়। হ্যাকিংয়ের পর যে অর্থ আদায় হয় তার কিছু অংশ আসিফ পেয়ে থাকেন। এই চক্রে মোট ২০ জনের মতো হ্যাকার আছে। তাদের মাসিক আয় দেড় থেকে দুই লাখ টাকা।’
লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ‘চক্রটি গত তিন বছরে প্রায় বিশ হাজার আইডি হ্যাক করেছে। তবে তারা নায়ক-নায়িকাদের কাছ থেকে টাকা আদায় করত না। মিডিয়ার বাইরের যাদের আইডি হ্যাকিং করা হতো তাদের কাছ থেকে টাকা নিতো। নায়ক-নায়িকাদের ফেসবুক হ্যাকিং করে তারা কৃতিত্ব দেখাতো যে ওমুক নায়িকার বা নায়কের ফেসবুক আইডি হ্যাক করেছি। চক্রের আরো সদস্যকে চিহ্নিত করা সম্ভব হয়েছে।’

নিজস্ব প্রতিবেদক