প্রতারকের ফাঁদে পড়ে প্রায় লাখ টাকা হারানোর দাবি কুবি শিক্ষকের
কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে প্রতারকের ফাঁদে পড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল হারিয়েছেন প্রায় লাখ টাকা। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে দাউদকান্দি এলাকায় নিয়ে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ থানায় চারজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।
আবদুর রাজ্জাক সোহেল জানান, গতকাল বুধবার দুপুরে জরুরি কাজে সহকর্মীর প্রাইভেটকারে করে তিনি কোটবাড়ি এলাকায় যান। সেখানে ঢাকা যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে তার সামনে থামে। গাড়িতে থাকা একজন তাকে জিজ্ঞেস করেন তিনি উবার কল করেছেন কি না। তিনি উবার ডাকেননি বললেও ওই ব্যক্তি জানান, অ্যাপসে তার ছবি দেখা যাচ্ছে। বিষয়টি যাচাই করতে গেলে গাড়িতে থাকা আরও তিনজন জোর করে তাকে গাড়ির ভেতরে তুলে নেয়। এ সময় দূর্বৃত্তরা তাকে বুকে ও মাথায় আঘাত করেন। পরে তাকে দাউদকান্দি এলাকায় নিয়ে আবিদ মার্কেটের পাশে একটি ইসলামী ব্যাংকের এটিএম বুথে নেন। সেখানে চার ধাপে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা উত্তোলন করা হয়। এ ছাড়া তার মানিব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও বিকাশ থেকে দুই হাজার ৫০০ টাকা নিয়ে মোট ৯৭ হাজার ৫০০ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। পরে তার মোবাইল ফোনের সিম খুলে ফোনটি ফরম্যাট করে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়।
আবদুর রাজ্জাক আরও জানান, গাড়ির ভেতরে থাকা চার দুর্বৃত্ত তাকে এসিডে ঝলসে দেওয়ার এবং চেতনানাশক প্রয়োগ করে অজ্ঞান করার হুমকি দেয়। এ সময় তিনি আকুতি-মিনতি করলে তারা তা থেকে বিরত থাকে। পরে গাড়ি থেকে নামিয়ে দিয়ে দুর্বৃত্তরা করে বলে, ‘পেছনে ফিরে তাকালে গুলি করা হবে।’ এ ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, চারজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা