নিউমোনিয়া, ফুসফুসের জটিলতায় নটর ডেম কলেজের শিক্ষকের মৃত্যু
নিউমোনিয়া, জ্বর ও ফুসফুসের জটিলতায় আক্রান্ত রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষক নিখিলেশ ঘোষ (৫০) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিখিলেশ ঘোষ নটর ডেম কলেজে বাংলা পড়াতেন। বার্তা সংস্থা ইউএনবির এক খবরে এই তথ্য জানানো হয়েছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুজাউদ্দুল্লাহ রুবেল জানান, গুরুতর নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভোগা অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে নিখিলেশ ঘোষকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।
‘তাঁর অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য আমরা তাঁকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি,’ যোগ করেন ডা. রুবেল।
ঢামেকে নেওয়ার পথে সোনারগাঁর কাছে ওই শিক্ষক শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে ফোনে ইউএনবিকে নিশ্চিত করেছেন ডা. রুবেল।
নটর ডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিয়াস রোজারিও সিএসসি শিক্ষক নিখিলেশ ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিখিলেশ ঘাষের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

অনলাইন ডেস্ক