৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়ায় ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজশাহীর সঙ্গে এই রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রসিদ ছাড়া যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতিবাদ করায় রাবির এক ছাত্রকে মারধরের অভিযোগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন রেললাইন অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
এরপর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ ও রাবির প্রতিনিধিদের সমন্বয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত টিটিইকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
তদন্ত কমিটি রেলওয়ে কর্তৃপক্ষের অধীনে ঘটনার অভ্যন্তরীণ বিষয় তদন্ত করবেন এবং অপর কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও রাবির প্রতিনিধিরা থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত করবেন।
সভায় আরও সিদ্ধান্ত হয়, ভুক্তভোগী শিক্ষার্থীকে রেলওয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। তবে তিনি চাইলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন। পাশাপাশি গভীর রাতে রাবি স্টেশনে আসা আন্তঃনগর ট্রেনগুলোর স্টপেজ চালুর সিদ্ধান্ত হয়েছে। সার্বিক অগ্রগতি পর্যালোচনায় আগামী ৬ আগস্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আরেকটি আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে প্রশাসন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করছি, গঠিত তদন্ত কমিটিগুলো নিরপেক্ষভাবে কাজ করবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থী এ ধরনের ঘটনার শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আশ্বাস পাওয়া গেছে। এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই আমরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছি।
গতকাল সোমবার দিনগত রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাবির এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত টিটিইর শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবিতে আজ সকাল থেকে রেললাইন অবরোধ করে রাখে রাবির শিক্ষার্থীরা। এতে প্রায় আট ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)