পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ
রাজশাহীতে পদ্মা নদীতে নৌকা ডুবে বাবা ও তার ছেলে নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে রাজশাহী ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে রাজশাহী মহানগরীর বড়কুঠি সংলগ্ন মাঝ পদ্মায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকা থেকে ছয়জন উদ্ধার হলেও বাবা-ছেলে এখনও নিখোঁজ আছেন।
নিখোঁজ বাবা-ছেলে হলেন রাজশাহীর পবা উপজেলার শ্যামপুরের শান্তিনগর এলাকার কাউসার (৬০) ও তার ছেলে জিয়ারুল ইসলাম (৪০)। তবে এ সময় জিয়ারুলের মা জাহেরা বেগম (৫৫) প্রাণে বেঁচে গেছেন।
রাজশাহীর ফায়ার সার্ভিস জানিয়েছে, পদ্মা নদীতে জেগে উঠা চরে খড় কাটতে গিয়েছিলেন তারা। সেখানে কাজ শেষে একটি নৌকায় করে ফিরছিলেন। সেই নৌকায় এক নারী ও সাতজন পুরুষ ছিলেন। পথে নৌকাটি মাঝ নদীতে এসে হঠাৎ তীব্র স্রোতে পড়ে ডুবে যায়। এ সময় সাঁতার কেটে ছয়জন কিনারায় এসে ওঠেন। তবে কাউসার ও তার ছেলে জিয়ারুল পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য উদ্ধার কাজে অংশ নেন।
এ বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের উপপরিচালক মুঞ্জিল হক জানান, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেছেন। তবে নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)