পরিবহন মালিক-শ্রমিকের চাপে নতি স্বীকার নয় : ইলিয়াস কাঞ্চন
নতুন সড়ক পরিবহন আইনের বাস্তবায়ন প্রসঙ্গে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরিবহন মালিক অথবা শ্রমিক যেই হোক, কারো চাপের মুখে নতি স্বীকার করা যাবে না।
আজ শনিবার সকালে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইলিয়াস কাঞ্চন।
এ সময় ঢাকাই চলচ্চিত্রের এই নায়ক আরো বলেন, ‘যারা অন্যায় করবে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। আইনের বাস্তবায়ন আটকে রাখা যাবে না। মানুষকে জিম্মি করে, সরকারকে বিব্রত করে এই আইনের বাস্তবায়ন ঠেকানোর চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’
নিসচা চেয়ারম্যান বলেন, শুধু আইন করা নয়, আইন মানতে পথচারী ও চালকদের সচেতন হতে হবে। স্বার্থান্বেষী মহলের কোনো চাপের মুখে নতি স্বীকার নয়, আইনের সঠিক বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। এ ছাড়া আইন প্রয়োগ নিয়ে চলমান সংকট উত্তরণে আইনটির যথাযথ বাস্তবায়নের বিকল্প নেই বলেও নিসচার পক্ষ থেকে জানানো হয়।
এদিকে সড়ক-মহাসড়কে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সক্ষমতা বৃদ্ধি করা না হলে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’-এর সুফল মিলবে না বলে মনে করছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ সকালে প্রেসক্লাবে অপর এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভায় বক্তারা এই মন্তব্য করেন।
নতুন সড়ক আইনে বেশ কিছু ইতিবাচক দিক থাকলেও আইন উপযোগী অবকাঠামোর উন্নয়ন না হলে এই আইন বাস্তবায়ন সরকারের জন্য কঠিন হয়ে দাঁড়াবে বলেও জানানো হয়।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ধারণাপত্রে বলা হয়, পুরোনো আইনের মতো নতুন আইনেও যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব না রাখায় মালিক-শ্রমিকরা জনগণকে জিম্মি করলে পুঞ্জীভূত সমস্যা প্রকট আকার ধারণ করবে। এ ক্ষেত্রে নিরাপদ চালক ও ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি করা, সড়কে চাঁদাবাজি বন্ধ করা, ফিটনেসবিহীন যানবাহন উচ্ছেদসহ পথচারীদের জন্য ফুটপাত নিশ্চিত করার দাবি জানানো হয়।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিধি প্রণয়ন করা না হলে, আইনের অপব্যবহারের সুযোগ রয়েছে। তাই জরুরি ভিত্তিতে বিধি প্রণয়নের জন্য দাবি জানাচ্ছি। পাশাপাশি আইনের সঠিকতম প্রয়োগ নিশ্চিত করা না হলে, এই বিশৃঙ্খলা থেকে বের হয়ে আসা কঠিন হয়ে পড়বে বলে আমরা মনে করছি।’
এদিকে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পথচারী ও শ্রমিকদের সুরক্ষা দেবে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এমনটাই দাবি সংশ্লিষ্টদের।

নিজস্ব প্রতিবেদক