মন্ত্রিপরিষদে ডাক পেলেন আমিনুল হক
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নেন নতুন এমপিরা। এখন অপেক্ষা নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের। ইতোমধ্যে বিভিন্ন সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে মন্ত্রিপরিষদের জন্য।
মন্ত্রিপরিষদে ডাক পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার আমিনুল হক। টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিপরিষদে ডাক পেয়েছেন তিনি। তবে ঠিক কোন মন্ত্রণালয় দেওয়া হবে, সেটি এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে তাকে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনায় ছিলেন তিনজন। খুলনা-৫ আসন থেকে জয়ী আলী আসগর লবি, ঢাকা-০৬ আসন থেকে জয়ী ইশরাক হোসেন ও টেকনোক্র্যাট হিসেবে আমিনুল।
লবিকে নিয়ে আলোচনা ছিল অনেক বেশি। কারণ, ২০০১-২০০৬ পাঁচ বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ছিলেন তিনি। ২০০২-২০০৪ দুই বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন লবি।
এর আগে ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন আমিনুল। বিগত সময়ে রাজপথে আন্দোলন সংগ্রামে সরব ছিলেন সাবেক এই ফুটবলার। জেল-জুলম নির্যাতনের পাশাপাশি জনপ্রিয়তার কারণে জয়ের ব্যাপারে ছিলেন আশাবাদী। তবে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেনের কাছে তিনি পরাজিত হন।

স্পোর্টস ডেস্ক