পালাগানে কটূক্তি, বাউলশিল্পীর বিরুদ্ধে মামলা
পালাগানে আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বাউলশিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম এ বিষয়ে এনটিভি অনলাইকে নিশ্চিত করেছেন।
নজরুল ইসলাম বলেন, গতকাল রোববার বিচারক আস্সামছ জগলুল হোসেনের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
নজরুল ইসলাম বলেন, মামলাটি দায়েরের পরে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
নথি থেকে জানা যায়, একটি পালাগানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান মহান আল্লাহকে নিয়ে রুচিহীন মন্তব্য করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এতে অনেকে রিতা দেওয়ানের শাস্তি দাবি করেন।
এর আগে গত ২৪ ডিসেম্বর ঢাকায় এক পালাগানের আসরে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে শরিয়ত সরকার নামের এক বয়াতির বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ৯ জানুয়ারি মামলা করেন ফরিদুল ইসলাম নামের এক ব্যক্তি। এই মামলায় ১১ জানুয়ারি পুলিশ শরিয়ত সরকারকে গ্রেপ্তার করে। শরিয়ত সরকার পুলিশ হেফাজতে আছেন।

আদালত প্রতিবেদতক