সেই আবেদ আলীসহ চারজনের বিও হিসাব অবরুদ্ধের আদেশ
প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ চারজনের পাঁচটি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (৫ এপ্রিল) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিআইডির সাইবার ইনভেস্টিগেশনস অ্যান্ড অপারেশনের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সুমন কুমার সাহা আদালতে বিও হিসাব অবরুদ্ধের আবেদন করেন।
অন্য আসামিরা হলেন— আবু সোলাইমান মো. সোহেল, জাহাঙ্গীর আলম ও মাহবুবুর রহমান।
আবেদনে বলা হয়েছে, অনুসন্ধানে জানা গেছে, মামলার আসামিরা সংঘবদ্ধ অপরাধী দলের সদস্য। সৈয়দ আবেদ আলী প্রশ্নফাঁসকারী চক্রের মূলহোতা। এই চক্র ২০০৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে এবং এতে অবৈধভাবে বিপুল অর্থ উপার্জন করেছে। সেই অর্থ দিয়ে তারা স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
মানিলন্ডারিং সংক্রান্ত অনুসন্ধান সুষ্ঠু করতে এবং ন্যায়বিচারের স্বার্থে এসব বিও একাউন্টের শেয়ার মানিলন্ডারিং আইন, ২০১২-এর ধারা ১৪(১) অনুযায়ী অবরুদ্ধ করা প্রয়োজন।

আদালত প্রতিবেদক