দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই ইরানের
কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো পর্যায়েই ইরানের বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার সঙ্গে এমন কোনো দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমে ছড়ানো আলোচনা বা বৈঠকের খবর নাকচ করে মুখপাত্র বাঘাই বলেন, দোহায় মূলত সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে কাতারের কাছে থাকা ইরানের অবরুদ্ধ বা আটকে পড়া সম্পদ মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তাই আগামী দিনগুলোতে মার্কিন পক্ষের সঙ্গে কোনো স্তরেই বৈঠকের কোনো পরিকল্পনা ইরানের নেই।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত সপ্তাহে দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনার পর ইরান নিজেই তাদের সঙ্গে ‘বৈঠকের অনুরোধ’ জানিয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, কাতারে আটকে থাকা ইরানের ৬ বিলিয়ন ডলারের ফ্রোজেন বা অবরুদ্ধ তহবিল তেহরানের কাছে হস্তান্তরের বিষয়টি সম্পূর্ণভাবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করছে। এই বিপুল পরিমাণ অর্থ এখনো ইরানে পাঠানো সম্ভব হয়নি।
কাতারের মুখপাত্র আরও নিশ্চিত করেছেন, মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ বর্তমানে দেশটির রাজধানী দোহায় অবস্থান করছেন। তবে সেখানে অবস্থান করলেও ইরানি কর্মকর্তাদের সঙ্গে তাদের বসার বা কোনো বৈঠকের সূচি নির্ধারিত নেই।
এদিকে, বৈরুতের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত আট ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং দক্ষিণ লেবাননে আবারও নতুন করে হামলা চালিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক