প্রতিবেশীর ঘর থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
ঢাকার সাভারে নিখোঁজের একদিন পরে নাজুফা খাতুন নামের আট বছর বয়সী এক শিশুর হাত-পা বাঁধা বস্তাবন্ধি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির হত্যাকারী সন্দেহ এক দম্পতিকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের মোল্লাপাড়া এলাকার জাহাঙ্গীর হাজির পাঁচতলা বাড়ির একটি কক্ষ থেকে শিশুটির লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, ওই শিশুটি তার মা ফাতেমা বেগমের সঙ্গে ওই বাড়ির পাঁচতলায় একটি রুমে ভাড়া থাকত। শিশুটি গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হলে তার মা সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ গতকাল রাতে ওই পাঁচতলা বাড়ির নিহত শিশুটির প্রতিবেশী মোকছেদুল ইসলামের রুমে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এ ঘটনায় পুলিশ শিশুটির হত্যাকারী সন্দেহে প্রতিবেশী মোকছেদুল ইসলাম ও তাঁর স্ত্রী সোনালীকে আটক করেছে। শিশুটি ওই এলাকার গোল্ডেন বাংলা স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, ওই দম্পতি শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বস্তাবন্দি করে লুকিয়ে রেখেছিল। কী কারণে শিশুটিকে ওই দম্পতি হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জাহিদুর রহমান