বাঁশঝাড়ে মিলল নিখোঁজ শিশুর গলাকাটা লাশ
নাটোর সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর আজ শনিবার সকালে এক শিশুর লাশ গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ছেলের লাশ দেখে বাবা মোজাফ্ফরের আহাজারি। ছবি : এনটিভি
নিখোঁজের সাত দিন পর নাটোরে বাঁশঝাড় থেকে হাসান (১০) নামের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত হাসান জেলার সদর উপজেলার পাইকেরদোল এলাকার কৃষক মোজাফ্ফর হোসেনের ছেলে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মীর আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু হাসান গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খুঁজে কোনো সন্ধান পায়নি।
আজ সকালে পাইকেরদোল পুরাতনপাড়া এলাকার ঠিকাদার রিপন তাঁর বাঁশঝাড় পরিষ্কার করতে যান। এ সময় তিনি এক শিশুর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। তিনি সদর থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান এএসপি।

হালিম খান, নাটোর