‘বুলবুল’-এর হাত থেকে দেশকে রক্ষা করেছে সুন্দরবন : ত্রাণ প্রতিমন্ত্রী
সুন্দরবন ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর আঘাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
আজ রোববার ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর সার্বিক বিষয় নিয়ে সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডা. এনামুর।
এ সময় ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবন এ ঘূর্ণিঝড়ের হাত থেকে আমাদের রক্ষা করেছে। সুন্দরবনকে সংরক্ষণ করতে হবে। এ ছাড়া পরবর্তী সময়ে আরো যত্ন নেওয়া হবে। সুন্দরবনে আরো নতুন গাছ লাগানো হবে বলেও জানান তিনি।
আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে প্রতিমন্ত্রী জানান, মহাবিপদ সংকেত ১০ নম্বর থেকে ৩ নম্বরে নামিয়ে আনা হয়েছে। আগামীকাল সোমবার সূর্যের আলো দেখা যেতে পারে।
ডা. এনামুর আরো জানান, এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাগেরহাটে অন্য একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে জানা যায়, তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন এলাকায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
প্রতিমন্ত্রী আরো জানান, চার থেকে পাঁচ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া ফসলের ক্ষতি হয়েছে। আগামীকাল ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কাজ করবে মন্ত্রণালয় ও মনিটরিং টিম। তখন ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে বলে জানান তিনি।
এবার সাইক্লোন শেল্টারে ২১ লাখের মতো মানুষ আশ্রয় নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি জানান, ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করায় অনেকেই আশ্রয়কেন্দ্রে গেছেন। এ ছাড়া মানুষের মধ্যে সচেতনতাও বেড়েছে।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শাহ কামালসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক