বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চটি তীরে আনা হলো
রাজধানীর বুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনায় ডুবে যাওয়া এমএল মর্নিং বার্ড উদ্ধারের পরে টেনে তীরে আনা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জাহাজ ‘দূরন্ত‘ লঞ্চটিকে রশি দিয়ে বেঁধে তীরে নিয়ে আসে। বর্তমানে লঞ্চটি উপুড় হয়ে আছে পানিতে। ডুবুরিরা লঞ্চটির ভেতরে তল্লাশি চালাচ্ছে।
এর আগে আজ বেলা ১১টার দিকে লঞ্চটি উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে থাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার শ্যামবাজার এলাকার বুড়িগঙ্গা নদীতে ঢাকা-মুন্সীগঞ্জ রুটের এমএল মর্নিং বার্ড নামের একটি লঞ্চ অর্ধশত যাত্রী নিয়ে ডুবে যায়। গতকাল তিন শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এ ছাড়া ১৩ ঘণ্টা পরে একজনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
পরবর্তী সময়ে আজ মঙ্গলবার ২৬ ঘণ্টা পর আরো একজনের মরদেহ উদ্ধার হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। উদ্ধার করা ৩৩ মরদেহের মধ্যে পুরুষ ২১ জন, নারী ৯ জন এবং তিনটি শিশু।

নিজস্ব প্রতিবেদক