ভোলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
ভোলার তজুমদ্দিনে নির্যাতন করে স্ত্রীকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আকলিমা বেগম (২৭) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নতুন বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আকলিমা বেগম ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. আজিজুল ইসলামের মেয়ে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, নয় বছর আগে আকলিমার সঙ্গে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর নতুনহাট এলাকায় মো. ফরহাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য প্রায় সময় নির্যাতন করতেন ফরহাদ। এ নিয়ে সালিশ হলেও কোনো সমাধান হয়নি। গতকাল বুধবার পুনরায় সালিশ বসলে কোনো সমাধান হয়নি। রাতেই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন আকলিমাকে গলায় রশি পেঁচিয়ে হত্যার পর লাশ ঘরে ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ উঠে। সকালে স্থানীয়রা লাশ দেখে থানায় খবর দিয়ে আজ সকালে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে দ্রুত লাশ উদ্ধার করেছি। তবে তাঁর শরীরে বেশ কিছু দাগ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরে বিষয়টি পরিষ্কার হবে।’

আফজাল হোসেন, ভোলা