ভোটের জন্য প্রস্তুত ২৮ হাজার ৮৭৮ ইভিএম
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের জন্য মোট ২৮ হাজার ৮৭৮টি ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) প্রস্তুত আছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সাইদুল ইসলাম বলেন, ‘ঢাকা দুই সিটি নির্বাচনের জন্য ২৮ হাজার ৮৭৮টি ইভিএম প্রস্তুত। সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে ইতিমধ্যে কেন্দ্রে পাঠানো হয়েছে। ইভিএমের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য ভোট হবে বলে আমরা আশাবাদী।’
সাইদুল ইসলাম বলেন, ‘আমাদের শতভাগ প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচন কমিশন একটি অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য নিভৃাচন উপহার দিতে বদ্ধপরিকর। ইতিমধ্যে ২ হাজার ৪৬৮টি ভোট কেন্দ্রের ১৪ হাজার ৪৩৬টি ভোট কক্ষ পরিচালনার জন্য আমরা প্রশিক্ষণের কাজ শেষ করেছি। এই নির্বাচনে পরীক্ষামূলক বা মক ভোটিংসহ মোট ৩৫ হাজার ইভিএম ব্যবহার করা হয়েছে।’
এনআইডির মহাপরিচালক বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য মোট ৪৫ হাজার ৭৭০ জন প্রিজাইডিং পোলিং এজেন্টেদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও প্রত্যেক কেন্দ্রে দুই জন করে ৫ হাজার ১৫ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তারা শুধু টেকনিক্যাল কাজ দেখবেন। তারা আইন-শৃঙ্খলার কোনো কাজে অংশ নিবেন না। সেনা ছাউনি থেকে তারা সরাসরি ভোট কেন্দ্রে যাবেন। আবার সেখান থেকে তারা সরাসরি সেনা ছাউনিতে চলে যাবেন।’
সাইদুল ইসলাম বলেন, ‘নির্বাচনে প্রিজাইডিং অফিসার কিংবা সহকারি প্রিজাইডিং অফিসার ভোট দিতে পারবেন না। তবে তারা ভোট পরিচালনা করবেন। কিন্তু বিভিন্ন কারণে কারো ফিঙ্গার প্রিন্ট না মিললে তারা ১ শতাংশ পযন্ত ভোট দিতে সহায়তা করতে পারবে। এর চেয়ে বেশি প্রয়োজন হলে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে। কমিশন সহায়তা করবেন। কেউ অবৈধভাবে ভোট বা ফিঙ্গার প্রিন্ট দিতে গেলে তাকে শনাক্ত করে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’
এনআইডির মহাপরিচালক আশা প্রকাশ করে বলেন, ‘আমরা আশা করছি ভোট শেষ হওয়ার ৩০ মিনিটের অর্থাৎ সাড়ে ৪টার মধ্যেই ফলাফল কেন্দ্র থেকে প্রকাশ করা হবে। কেন্দ্র থেকে ফলাফল প্রকাশ করে রিটানিং কর্মকর্তার পাঠানো হবে। সেখান থেকে যদি ফলাফল প্রকাশ করতে দেরি হয় তাহলে আমাদের করার কিছু নেই। এটা ইভিএমের দোষ না।’
সাইদুল ইসলাম বরেন, ‘বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। দুপুরে লাঞ্চ আওয়ারেরও থাকার কোনো সুযোগ নেই। একজনের ভোটারের ইভিএমে ভোট দিতে ৪০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ১ মিনিট সময় লাগার কথা। ভোটগ্রহণ শেষে সব পোলিং এজেন্টের উপস্থিতিতে ফলাফল প্রকাশ করা হবে। ফলাফলের প্রিন্ট কপি প্রত্যেক প্রার্থীর এজেন্টের কাছে দেওয়া হবে। প্রত্যেকই কেন্দ্র থেকেই ফলাফল ঘোষণা করা হবে। পরে কেন্দ্র থেকে সেই ফলাফল রিটানিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।’

নিজস্ব প্রতিবেদক