মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রী-ছেলে খুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মা ও শিশু ছেলেকে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর কাউন্নারা গ্রামে নিজ বাড়ি থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন সৌদি আরব প্রবাসী মঞ্জুর রহমানের স্ত্রী পারভীন আক্তার (২৬) ও তাঁদের ছেলে নূর মোহাম্মদ (৬)।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান মিঞা জানান, উত্তর কাউন্নারা গ্রামের নিজ বাড়িতে পারভীন আক্তার শ্বশুর-শাশুড়ি ও ছেলেকে নিয়ে থাকতেন। গতকাল রাতে খাওয়া-দাওয়া শেষে রাতে সবাই ঘুমাতে যান। পারভীন ছেলে নূর মোহাম্মদকে নিয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। শ্বশুর-শাশুড়ি অন্য একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। আজ ভোরে শ্বশুর আবদুর রহমান পারভীনের কক্ষের দরজা খোলা পান। এ সময় ভেতরে ঢুকে দুজনের লাশ দেখতে পান।
খবর পেয়ে আজ সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এর পর লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
ওসি মতিয়ার রহমান বলেন, পারভীনকে গলা কেটে ও শিশুটিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়নি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ