মেহেরপুরে বজ্রাঘাতে ২ কৃষক নিহত
মেহেরপুরের গাংনীতে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রাঘাতে দুজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরও দুজন।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত দুজন হচ্ছে গাংনীর হাড়াভাঙ্গা গ্রামের কৃষক আকরাম হোসেন (৬৫) ও কাজীপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম (৪০)। আহতরা হলো ব্রজপুর গ্রামের হাউস আলী (৫৪) ও কাজীপুর গ্রামের মুন্নাফ আলী (৪৬)।
বিষয়টি নিশ্চিত করে কাজিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলম হুসাইন বলেন, ঘটনার সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় হাড়াভাঙা মাঠে আকরাম হোসেন ও হাউস আলী এবং কাজিপুর মুন্সিপাড়ায় জাহাঙ্গীর আলম ও মুন্নাফ আলী কৃষি কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে চারজন আহত হন। গুরুতর আহত আকরাম হোসেনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জাহাঙ্গীর আলমকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর