রিপোর্ট পাওয়ার পর অবস্থান জানাবে গণস্বাস্থ্য
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত জি আর কোভিড-১৯ ডট ব্লট অ্যান্টিবডি টেস্ট কিট করোনাভাইরাস শনাক্তে কার্যকর নয় বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট উদ্ভাবন দলের প্রধান ও গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিজন কুমার শীল সাংবাদিকদের বলেন, ‘আমরা অফিশিয়ালি এখনো বিএসএমএমইউর প্রতিবেদন হাতে পাইনি, আমাদের এখনো জানানো হয়নি। জানানো হলে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব।’
‘আমরা এখনো নিশ্চিত যে, আমাদের কিট করোনা শনাক্তে যথেষ্ট কার্যকর। এ বিষয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার।’
ড. বিজন কুমার শীল আরো বলেন, ‘আমাদের উদ্ভাবিত র্যাপিড ডট ব্লট কিট দিয়ে পরীক্ষা করেই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ এসেছে। পরে আরটি-পিসিআর পরীক্ষাতেও একই ফল আসে। এরপর আমাদের কিটের পরীক্ষাতেই আবার তাঁর করোনা নেগেটিভ আসে এবং আরটি-পিসিআরেও একই ফল এসেছে। এমন কয়েকশ পরীক্ষা করে আমরা সঠিক ফল পেয়েছি। আমাদের কিট যে সঠিক ফল দেয়, তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।’
গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটের কার্যকারিতা নেই উল্লেখ করে আজ বুধবার বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ১ থেকে ১৪ দিনের মধ্যে করোনার উপসর্গ নিয়ে যাঁরা এসেছেন, তাঁদের ক্ষেত্রে গণস্বাস্থ্যের কিটে মাত্র ১১ থেকে ৪০ শতাংশ পর্যন্ত শনাক্ত করা গেছে। এ কারণে কমিটি গণস্বাস্থ্যের কিট করোনা শনাক্তে কার্যকর নয় বলে রিপোর্ট দিয়েছে।
জি আর কোভিড-১৯ রেপিড ডট ব্লট সমন্বয়কারী অধ্যাপক মুহিব উল্লাহ খোন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘গণস্বাস্থ্যের সঙ্গে বিএসএমএমইউর একটি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) রয়েছে। আমরা এখনো বিএসএমএমইউ থেকে কোনো অফিশিয়াল বিস্তারিত রিপোর্ট পাইনি এবং আমাদের সঙ্গে এনডিএ অনুসারে কোনো প্রকার আলোচনা করা হয়নি। এটা পেলেই পরবর্তী সময়ে স্বাক্ষরিত চুক্তি অনুসারে আমরা আমাদের মতামত বিএসএমএমইউকে জানাব।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিএসএমএমইউর মতামত অনুসারে কিট নিবন্ধন ও বিপণনের বিষয়ে বর্তমানে যা করার ঔষধ প্রশাসন অধিদপ্তর সিদ্ধান্ত দেবে।

নিজস্ব প্রতিবেদক