সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ ও ভারত সীমান্তে মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরের কয়েক ঘণ্টা আগে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সীমান্তে মৃত্যুর বিষয়ে অন্যদের মতো ভারতও ‘উদ্বিগ্ন’ উল্লেখ করে ড. মোমেন বলেন, সীমান্তে মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনতে ভারত নিজেদের অবস্থান মেনে চলবে বলে আমরা আশা করি।
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরাও আপনাদের মতো উদ্বিগ্ন। ভারত আমাদের আগেই বলেছে সীমান্তে কোনো মৃত্যু হবে না।’
কাশ্মীরি শিক্ষার্থীদের বাংলাদেশের ভিসা দেওয়া হচ্ছে না- এটি সত্য নয় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকে সীমান্তে মৃত্যুর বিষয় নিয়ে আবারও আলোচনা হয়েছে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক