২ সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর স্বামীর ‘আত্মহত্যার’ চেষ্টা
রংপুরে দুই সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আবদুর রাজ্জাক নামে ওই ব্যক্তি মাদকাসক্ত বলে জানান স্থানীয়রা। আজ রোববার রংপুর শহরের বীরভদ্র এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজ্জাকের স্ত্রী আসকিয়া আক্তার (৩২) ও তাদের দুই সন্তান নেহা (৩) ও নিশাদ (১)।
রংপুর মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনে মিনান জানান, সকাল থেকে অস্বাভাবিক নীরবতা পেয়ে রাজ্জাকের এক প্রতিবেশী তাদের ঘরে প্রবেশ করে আসকিয়া ও তাদের দুই সন্তানকে বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে প্রতিবেশী অন্যারা এগিয়ে এসে তিনজনের লাশ উদ্ধার করে এবং রাজ্জাককেও রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মার্গে পাঠায়।
উপপুলিশ কমিশনার আরো জানান, পারিবারিক কলহের জের ধরে রাজ্জাক রাতের কোনো এক সময়ে তাঁর স্ত্রী ও শিশুদের শ্বাসরোধ করে হত্যা করে হয়তো নিজেকে হত্যার চেষ্টা করেছিল।
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রাজ্জাককে আটক করেছে।
নিহত আসকিয়ার ভাই আব্দুর রশিদ জানান, রাজ্জাক একজন মাদকাসক্ত ব্যক্তি। টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করত।

ইউএনবি