হরতাল-অবরোধে কাঙ্ক্ষিত ফল আসেনি : প্রধানমন্ত্রী
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধের মতো প্রতিকূল অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে বলেই কাঙ্ক্ষিত ফলাফল আসেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নীলফামারীর জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য এবং কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের টানা হরতাল-অবরোধের কারণে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। প্রতিকূল অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়ে এ ফলাফল করেছে। হরতাল-অবরোধ না থাকলে এবং পরীক্ষার সময় বারবার না বদলাতে হলে পাসের হার আরো বৃদ্ধি পেত। বিএনপির জ্বালাও, পোড়াও, হরতাল-অবরোধের কারণে বারবার পরীক্ষায় সময়সূচি বদলাতে হয়েছে। এতে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়েছে।
বিএনপি জোটের উদ্দেশে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘তাদের অবরোধ বোধহয় এখনো চলমান। ওটা নাকি প্রত্যাহার হয়নি। যাই হোক, বাংলাদেশের মানুষ ওই হরতালে সাড়া দেয়নি। এটা একটা গোষ্ঠীর স্বার্থে, জনস্বার্থে না। সে জন্য তারা জনসমর্থন পায়নি।’
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক জাকির হোসেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, আওয়ামী লীগের জেলা সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নূর আনিসুল ইসলাম চৌধুরী, এই স্কুলের শিক্ষার্থী মীর তাহিদ তাসরিন, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অরবিন্দু কুমার বর্ধন ও শিক্ষার্থী জেসমিন আক্তার জুঁই, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুপ্তী, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী গোলাম রব্বানী।

মোস্তফা আবিদ, নীলফামারী