মৌলভীবাজারে শেষ হলো মাছের মেলা
পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে শেষ হয়েছে ঐতিহ্যবাহী মাছের মেলা। শনিবার রাতে কুশিয়ারা নদীর পাড়ের তিনদিনব্যাপী এ মেলা শেষ হয়।
মেলায় দেশীয় নানা প্রজাতির ফরমালিনমুক্ত মাছ নিয়ে দোকান বসান বিক্রেতারা। মাছ কিনতে মেলায় ভিড় করেন ক্রেতারাও। পৌষ সংক্রান্তি উৎসবে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পিঠা ও খাবার তৈরির বড় অংশই হয় মেলার মাঠ দিয়ে।
সদর উপজেলার শেরপুরে কুশিয়ারা নদীর তীরে প্রায় দুইশ বছর ধরে চলছে এ মেলা। এর আগে মেলায় অশালীন নৃত্য হলেও এলাকাবাসীর চাপে এবার তা বন্ধ ছিল। ফলে মেলার ঐতিহ্য ফিরে আসে। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে মাছ নিয়ে যান বিক্রেতারা। হাজার হাজার মানুষের উপস্থিতিতে মেলায় ৩০-৩৫ কোটি টাকার মাছ বিক্রি হয় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। মেলায় ৫০০ টাকা থেকে ৭০ হাজার টাকা মূল্য পর্যন্ত মাছ বিক্রি হয়।

বিভিন্ন স্থান থেকে মাছ নিতে আসা কয়েকজন ক্রেতা জানান, দেশীয় প্রজাতির মাছ কিনতে তারা মেলায় এসেছেন। তবে মাছের দাম এবার কিছুটা বেশি।
মাছ বিক্রেতা মো. শওকত আলী বলেন, মেলায় নদী ও হাওরের মাছ নিয়ে আসা হয়। মেলা উপলক্ষে মাছের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়।

সিরাজগঞ্জ জেলা থেকে মেলায় আসা মাছ ব্যবসায়ী মো. আছের আলী জানান, যমুনা নদী থেকে ছোট ট্রাকে দেশীয় বোয়াল, আইড় ও বাঘাইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে মেলায় গেছেন। দোকান দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মাছ শেষ হয়ে যায় বলে জানান তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, চলতি বছর ৩ লাখ ৬০ হাজার টাকায় মেলা ইজারা নেন তপু ভৌমিক। গতবার মেলা ইজারা হয়েছিল ১৬ লাখ ৭৫ হাজার টাকায়।

এস এম উমেদ আলী, মৌলভীবাজার